বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং নতুন স্টার্টআপ উদ্যোগে উৎসাহিত করার লক্ষ্যে ‘YESS Program: Youth Entrepreneurship & Startups for Students (Mymensingh Chapter)’ অনুষ্ঠিত হয়েছে।
৩ অক্টোবর ২০২৬, শনিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন হলে সকাল ১০টা ৩০ মিনিটে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি এসএমই ফাউন্ডেশন ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের যৌথ উদ্যোগে এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আবদুন নাসের খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি অনুষদের ডিন ও ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. জি. এম. মুজিবর রহমান, যুগ্ম সচিব জনাব মুর্তুজা জুলকার নাইম নোমান, এসএমই এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব ফারজানা খান, অতিরিক্ত সচিব জনাব নুরুজ্জামান, ফাউন্ডেশনের এমডি জনাব নাজিম হাসান সাত্তার।
প্রধান অতিথি শিল্প মন্ত্রণালয়ের সচিব আবদুন নাসের খান বলেন, বাংলাদেশের মানুষ এ বিশ্ববিদ্যালয়ের কাছে ঋণী। খাদ্য উৎপাদন ও স্বয়ংসম্পূর্ণতা অর্জনে দেশের জন্য এ বিশ্ববিদ্যালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তরুণ শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার প্রতি আগ্রহ সৃষ্টি, ব্যবসায়িক ধারণা বিকাশ এবং কর্মসংস্থান সৃষ্টিতে তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, এসএমই ফাউন্ডেশনের এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের যৌথ উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়। আমাদের তরুণ প্রজন্মের সক্ষমতা বৃদ্ধি ও তাদের
আত্মনির্ভরশীল করতে এবং নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টিতে এ ধরনের স্কিল ডেভেলপমেন্ট ও নতুন উদ্যোক্তা উদ্বুদ্ধকরণ প্রোগ্রাম অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে বর্তমান সরকার অন্যতম অগ্রাধিকার দিচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রোক্টর প্রফেসর ড. কাজী ফরহাদ কাদির, বাকৃবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি প্রফেসর ড. মো. শহিদুর রহমান, রেজিস্ট্রার ড. মো: হেলাল উদ্দীন, জনসংযোগ ও প্রকাশনার পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ তৌফিকুল ইসলাম। উল্লেখ্য, ২০০ জন ছাত্রছাত্রী দিনব্যাপি এ প্রোগ্রামে অংশগ্রহণ করে। অতিথিগণ উদ্বোধনী অনুষ্ঠান শেষে আয়োজিত মেলায় ২০ টি স্টল পরিদর্শন করেন।