শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অসিউরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে (২১ সেপ্টেম্বর, ২০২৫) রোববার সকাল ১০টায় নবীন শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে ‘Foundation Training for Academic Excellence: Teaching, Research and Academic Leadership’ শীর্ষক পাঁচদিনব্যাপী কর্মশালার উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড মোঃ সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইসমাইল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, একজন শিক্ষককে সময়মতো ক্লাসে আসতে হবে এবং দায়িত্বশীল হতে হবে। শিক্ষার্থীদের সামনে অনেক কথা বলতে হয় এবং তাদের সক্রিয় ও আগ্রহী রাখতে হয়। শিক্ষার্থীরা আমাদের জুনিয়র স্কলার আর শিক্ষকরা সিনিয়র স্কলার। তাদের প্রতি ভালো আচরণ, স্নেহ ও যত্মশীলতা প্রদর্শন করতে হবে। শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক যেন ভয়ের নয় বরং সম্মান ও আস্থার সম্পর্ক হয়।
তিনি আরও বলেন, যুগের পরিবর্তনের সঙ্গে অনেক নতুন চ্যালেঞ্জ এসেছে। সেগুলোকে মোকাবিলা করে নতুনভাবে নিজেদের গড়ে তুলতে হবে। তিনি নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের গবেষণায় আগ্রহী হতে উৎসাহ দেওয়ার পাশাপাশি যাদের পিএইচডি নেই তাদের দ্রুত পিএইচডি করার তাগিদ দেন।
বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ সাজেদুল করিম বরেন, শিক্ষার্থীদের নতুন ওবিই কারিকুলাম সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর জন্য সর্বপ্রথম আমাদের নবীন শিক্ষকদের এ বিষয়ে পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে হবে এবং যথাযথ প্রশিক্ষণ নিতে হবে। আমি আশাবাদী, এই প্রশিক্ষণ নতুন শিক্ষকদের যুগোপযোগী ও দক্ষ করে গড়ে তুলবে। যার মাধ্যমে তারা শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষা দিতে সক্ষম হবেন।
কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইসমাইল হোসেন বলেন, একসময় আমরা শিক্ষার্থী ছিলাম, আজ আমরা শিক্ষক। একজন শিক্ষক কেবল পাঠদান করেন না বরং ভবিষ্যৎ প্রজন্ম গঠনের নেতৃত্ব দেন। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য আমাদের আচরণে, চিন্তা এবং কাজের প্রতিটি স্তরে দায়িত্ববোধের পরিচয় দিতে হবে। নিয়ম-নীতি এবং নৈতিকতা সম্পর্কে থাকতে হবে পরিপূর্ণ সচেতন। শিক্ষার্থীদের সামনে আমাদের হতে হবে স্বচ্ছ, ন্যায়পরায়ণ এবং নিরপেক্ষ।
আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. সালমা আখতারের সভাপতিতে কর্মশালায় কো-অর্ডিনেটর ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ আবু হায়াত মিঠু এবং অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ আব্দুল হামিদ।
উল্লেখ্য, কর্মশালায় মোট ২৫ জন নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষক অংশগ্রহণ করেন।



