জাবিপ্রবি প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজন ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ২৮ নভেম্বর (শুক্রবার) জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) দিবস উৎযাপন করা হয়েছে। এ বছর জাবিপ্রবি শিক্ষা কার্যক্রমের ৮ম বছর পূর্ণ করে ৯ম বছরে পদার্পণ করলো।
দিবসটি উপলক্ষ্যে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান গেইট প্রদক্ষিণ করে কেন্দ্রীয় খেলার মাঠে স্থাপিত অনুষ্ঠান মঞ্চের সামনে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় আমন্ত্রিত অতিথিবৃন্দ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি শান্তির প্রতীক পায়রা এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
দিবসটি উপলক্ষ্যে কেক কাটা হয়। এরপর অনুষ্ঠান মঞ্চে বেলা ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে বক্তৃতা প্রদান করেন।
সভায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, জাবিপ্রবির উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন, সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শওকত আলম মীর, জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিমা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভায় অন্যদের রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী, গণিত বিভাগের চেয়ারম্যান ড. মুহম্মদ শাহজালাল, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ সাদীকুর রহমান , ছাত্র হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত) ড. মুহাম্মদ ফরহাদ আলী, ছাত্র প্রতিনিধি যীনাত মিয়া, লিটন আকন্দ প্রমুখ বক্তৃতা প্রদান করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে প্রকাশিত স্যুভিনিরের মোড়ক উন্মোচন করা হয়। একই অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী তিন শিক্ষার্থীকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এর মধ্যে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছেন ইইই বিভাগের সাইফ বাশার। একই সঙ্গে তিনি প্রকৌশল অনুষদের ডিনস্ অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছেন। আর বিজ্ঞান অনুষদে ইশরাত জাহান রিমি ও সমাজ বিজ্ঞান অনুষদে মোসা. আসলিমা আক্তার তয় ডিনস্ অ্যাওয়ার্ড পেয়েছেন।
আলোচনা সভা শেষে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই পর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনার পাশাপাশি জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন এবং সঙ্গীতশিল্পী আমেরুল মোমেনীন মানিক সঙ্গীত পরিবেশন করার কথা রয়েছে।
এদিকে দিবসটি উপলক্ষ্যে ক্যাম্পাসের প্রধান ফটক, রাস্তা, বিভিন্ন ভবন, হলসমূহ ও অন্যান্য স্থাপনা দৃষ্টিনন্দন আলোকসজ্জায় সজ্জিত সাজে সাজানো হয়েছে।



