বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের বি.এস.সি ফিসারিজ(অনার্স) লেভেল-৪ সেমিস্টার-২(জুলাই -ডিসেম্বর/২০২৪) ব্যাচের শিক্ষার্থীদের ২য় ইন্টার্নশীপ প্রোগ্রামের উদ্বোধনী ১২ এপ্রিল ২০২৬, রবিবার সকাল ১১.০০টায় সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবনে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র এবং বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের পরিচালক ড. মো: মোতালেব হোসেন। বাকৃবি মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার এর সভাপতিত্বে এবং সহযোগী প্রফেসর ড. তাসলিমা খানম ও সালমান শাহরিয়ার নিবিড় এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইন্টার্নশীপ ম্যানেজমেন্ট সেলের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো: আলী রেজা ফারুক। ইন্টার্নশীপ প্রোগ্রামে অংশগ্রহণকারী দুইজন ছাত্র-ছাত্রী তাদের অনুভূতি প্রকাশ করেন।
প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া মাৎস্যবিজ্ঞান অনুষদের দ্বিতীয় ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, এই ইন্টার্নশিপের মাধ্যমে শিক্ষার্থীরা মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা অর্জন করবে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর সমন্বয় গড়ে তুলতে পারবে, যা তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি দ্বিতীয় ইন্টার্নশিপ কার্যক্রম সফলভাবে আয়োজনের জন্য অনুষদের ডিন, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। একই সঙ্গে ভবিষ্যতে পরবর্তী ব্যাচ থেকে মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা ছয় মাস মেয়াদি ইন্টার্নশিপের সুযোগ পাবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “সারা পৃথিবীতে সুযোগের কোনো অভাব নেই—সেই সুযোগকে কাজে লাগাতে হবে।” তিনি উল্লেখ করেন, বাকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদের গ্র্যাজুয়েটদের যোগ্যতা ও দক্ষতার সুনাম দেশ-বিদেশে রয়েছে। এই সুনামকে আরও এগিয়ে নিতে পরিশ্রম ও আন্তরিকতার কোনো বিকল্প নেই।
তিনি আরও পরামর্শ দেন, গ্র্যাজুয়েটদের শুধু বিসিএস বা দেশের মৎস্য খাতে সীমাবদ্ধ না থেকে বৈশ্বিক মৎস্য শিল্পেও নিজেদের দক্ষতা ও প্রচেষ্টার মাধ্যমে নতুন নতুন সুযোগ অনুসন্ধান করা উচিত। তার মতে, বাকৃবি গ্র্যাজুয়েটদের সেই সক্ষমতা রয়েছে এবং বাস্তবতার আলোকে তা আরও বিকশিত করতে হবে।অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের প্রধানসহ অন্যান্য আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তাবৃন্দ,ছাত্র -ছাত্রীবৃন্দ ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, এবছর তিনমাস মেয়াদি এই ইন্টার্নশীপ প্রোগ্রামে সর্বমোট ১০৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।



