Tuesday, April 14, 2026
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusউৎসবমুখর পরিবেশে পিবিপ্রবিতে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

উৎসবমুখর পরিবেশে পিবিপ্রবিতে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

Print Friendly, PDF & Email

পিবিপ্রবি প্রতিনিধি: পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ৫ম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল ২০২৬) সকাল ০৯.০০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম সকল অতিথিদের নিয়ে বেলুন উড়িয়ে ও কেক কেটে ৫ম বিশ্ববিদ্যালয় দিবসের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসনিক ভবন প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালিতে সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণ দিবসটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

উদ্বোধনের পর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, আজকের দিনটি আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের। আজ আমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয় পঞ্চম বছরে পদার্পণ করেছে। দিনটি উপলক্ষে আমি সকলের মাঝে যে উচ্ছ্বাস দেখেছি তাতে আমি অত্যন্ত অভিভূত।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে পিবিপ্রবি উপাচার্য বলেন, বর্তমানে দেশের ৫৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে তোমাদের প্রতিযোগিতা করতে হবে। এজন্য কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে যোগাযোগের দক্ষতা, কম্পিউটার ও ইন্টারনেটে দক্ষতা অর্জন করতে হবে। এ সময় মাননীয় উপাচার্য শিক্ষার্থীদের গবেষণার কাজে সম্পৃক্ত ও আগ্রহী করে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতি তুলে ধরে মাননীয় উপাচার্য বলেন, ৫০ বছরের একাডেমিক ও ক্যাম্পাস মাস্টারপ্ল্যান তৈরির কাজ চলছে। এজন্য ইতোমধ্যেই দু’টি প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের লক্ষে ফিজিবিলিটি স্টাডির কাজ চলমান রয়েছে, যা চলতি বছরের ৩০ জুনের মধ্যে শেষ হবে বলে আশা করছি। এ সময় মাননীয় উপাচার্য বর্তমান কাজের পরিসংখ্যান এবং বিশ্ববিদ্যালয় নিয়ে তাঁর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

মাননীয় উপাচার্য বলেন, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসার, গবেষণার ক্ষেত্র সম্প্রসারণ ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলা। বর্তমান বিশ্ব প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে এবং সেই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে হলে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার বিকল্প নেই। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে আধুনিক, যুগোপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এজন্য তিনি সকলের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেন।

বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেনের সভাপতিত্বে এবং পরিসংখ্যান বিভাগের প্রভাষক সুমাইয়া সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, দৈনিক ইত্তেফাকের পিরোজপুর ব্যুরো প্রধান মুনিরুজ্জামান নাসিম আলী, অবজারভারের পিরোজপুর প্রতিনিধি জিয়াউল আহসান, গণিত বিভাগের চেয়ারম্যান ড. মো. মোশাররফ হোসেন, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মো. মুছা খান ও অস্থায়ী ছাত্রী হলের সহকারী প্রভোস্ট নাজমা আক্তার।

অতিথিবৃন্দ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পৃক্ত শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই প্রতিষ্ঠানটি দেশের দক্ষিণাঞ্চলের শিক্ষা, গবেষণা ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা বলেন, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই জেলার জন্য একটি আশীর্বাদ। কারণ, পিরোজপুর জেলা হিসেবে এখনও অনেকটাই অনুন্নত। বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পিরোজপুর জেলা আরও উন্নত হয়ে উঠবে বলে তারা প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে পিরোজপুরের স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments