বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসকে আরও সবুজ, দৃষ্টিনন্দন ও পরিচ্ছন্ন রাখার প্রত্যয়ে আজ ১৫ এপ্রিল (বুধবার) আনুষ্ঠানিকভাবে শুরু হলো ‘Green BAU – Clean BAU’ নামক জনসচেতনতামূলক কর্মসূচি। সবুজে ভরুক ক্যাম্পাস, নির্মল হোক প্রশ্বাস’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন আমতলায় দুপুর ১২:০০ ঘটিকায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। মঞ্চে আরও উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: হেলাল উদ্দীন, প্রক্টর প্রফেসর ড. মো: আব্দুল আলীম, এবং চীফ মেডিকেল অফিসার(প্রতিষেধক) ডাঃ মো: শাহাদাৎ হোসেন।
‘Green BAU – Clean BAU’ এর সভাপতি প্রফেসর ড. এম. আরিফুল ইসলাম, মেডিসিন বিভাগ এর সভাপতিত্বে এবং একই কমিটির সদস্য তাজিন খন্দকারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন সংশ্লিষ্ট কমিটির সভাপতি । আরও বক্তব্য প্রদান করেন মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ এবং বাকৃবি শাখা ছাত্রদলের আহবায়ক ও সদস্য সচিব যযথাক্রমে মো: আতিকুর রহমান আতিক ও মো: শফিকুল ইসলাম শফিক। উপ পরিচালক কৃষিবিদ হাবিব মোহাম্মদ সাইফুর রহমানও বক্তব্য প্রদান করেন। ছাত্র বিষয়ক উপদেষ্টা ‘Green BAU – Clean BAU’ কমিটির নাম ঘোষণা করেন।
প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূইঁয়া বলেন,
আমরা বাকৃবির সবাই মিলে একটি পরিবার। এই পরিবারের আঙিনা, সমস্ত এলাকা, সবকিছু পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। বাইরে থেকে যারা আসে তাদেরকে আমাদের বোঝাতে হবে, উদ্বুদ্ধ করতে হবে। আমাদের ময়লা আবর্জনাগুলো যেখানে ডাস্টবিন আছে সেখানে নিয়ে আমরা ফেলে দেব- এটাই হোক আজকের দিন আমাদের অঙ্গীকার। এটা কোনো প্রতিষ্ঠানের বা কোনো একটা সংস্থাকে আত্মপ্রকাশের জন্য জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা আমাদের এই আয়োজনের উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে আমরা বৃহত্তর বাকৃবি পরিবার সবাই মিলে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি- আমিও যেন একটা কাগজের টুকরা যেখানে সেখানে না ফেলি, এটা খেয়াল রাখব। আজকে থেকে বাকৃবিকে আমরা পরিষ্কার রাখব এবং এই প্রতিষ্ঠানের সুনাম দেশ ও বিদেশের বুকে যেন আরও বিস্তৃত হয় সেজন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করি”।
উল্লেখ্য, উক্ত কমিটি ইতিমধ্যেই ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ২০টি ডাস্টবিন স্থাপন করেছে।তাদের মূল লক্ষ্যসমূহ: বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সবুজে আবৃত করা; পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে ক্যাম্পাসের দৃষ্টিনন্দন পরিবেশ নিশ্চিত করা; শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মাঝে পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধি করা। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, ছাত্র-ছাত্রী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
জনসংযোগ ও প্রকাশনা দফতর
বাকৃবি, ময়মনসিংহ-২২০২।



