Sunday, April 26, 2026
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusগাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৬ উদযাপন        

গাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৬ উদযাপন        

Print Friendly, PDF & Email

গাকৃবি প্রতিনিধি : গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) উৎসাহ-উদ্দীপনা, প্রাণবন্ত অংশগ্রহণ এবং বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের উদ্যোগে এবং আর্মি ফার্মা, জেনট্রি ফার্মা, ব্রিজ বায়োসায়েন্স বিডি, ইনসেপ্টা, নাভানা ফার্মা, সেঞ্চুরি, কেমিস্ট এবং অ্যাবন ফার্মার সৌজন্যে আয়োজিত এ কর্মসূচিতে দিবসটির তাৎপর্য ও ভেটেরিনারি পেশার বহুমাত্রিক গুরুত্ব তুলে ধরা হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘ভেটেরিনারিয়ানরা: খাদ্য ও স্বাস্থ্যের অভিভাবক’, যা প্রাণিস্বাস্থ্য, জনস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও গবেষণায় ভেটেরিনারি পেশাজীবীদের অপরিহার্য অবদানকে নতুনভাবে সামনে নিয়ে আসে। দিবসটি উপলক্ষে ২৫ এপ্রিল (শনিবার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ভেটেরিনারি অনুষদীয় কমপ্লেক্স থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিভ্রমণ শেষে ভেটেরিনারি টিচিং হসপিটাল (ভিটিএইচ) চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নানা স্লোগান, প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে ভেটেরিনারিয়ানদের বহুমুখী দায়িত্ব ও অবদান তুলে ধরেন। পরে সকাল সাড়ে ১০টায় ভেটেরিনারি টিচিং হসপিটালের সামনে দিবসটি উপলক্ষে একটি ফলপ্রসূ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ তৈমুর ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান এবং ভিটিএইচ এর পরিচালক প্রফেসর ড. অনুপ কুমার তালুকদার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ভিটিএইচ এর সহযোগী পরিচালক প্রফেসর ড. জীবন চন্দ্র দাস। পরে অনুষদের দেশি-বিদেশি শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা ও অনুভূতি ব্যক্ত করেন। তারা ভেটেরিনারি শিক্ষার আন্তর্জাতিক সম্ভাবনা, পেশাটির গুরুত্ব, ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এর ক্রমবর্ধমান ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ ভেটেরিনারি চিকিৎসা, গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং গাকৃবি প্রশাসনের সহযোগিতা নিয়ে ভেটেরিনারি টিচিং হসপিটাল ও সংশ্লিষ্ট ল্যাবসমূহকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ট্রেজারার বিনামূল্যে পশু চিকিৎসা ও ভ্যাকসিন প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এতে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক ও খামারিরা সরাসরি সেবা গ্রহণ করেন। এ কর্মসূচির আওতায় ৪৩টি গরু, ৫৪টি ছাগল-ভেড়া, ১৬২টি হাঁস-মুরগি, ২৭টি বিড়াল, ৪টি কুকুর, ১১টি কবুতর এবং ৪টি পোষা-পাখিকে চিকিৎসা সেবা দেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা। অন্যদিকে দিবসটি উপলক্ষে ক্যাম্পাসে ভবিষ্যৎ পরিবেশবান্ধব পশুচিকিৎসা, রোগ প্রতিরোধ ব্যবস্থা এবং ভেটেরিনারি উদ্ভাবন বিষয়ক ফটোগ্রাফিক প্রতিযোগিতার অংশ হিসেবে পোস্টার প্রদর্শনী এবং শিক্ষার্থীদের তৈরি উদ্ভাবনী নানা খাদ্যের স্টল পরিদর্শন করেন ট্রেজারার ও অন্যান্য অতিথিবৃন্দ। উল্লেখ্য, ২০০০ সাল থেকে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে বিশ্ব ভেটেরিনারি দিবস, যা প্রতি বছর এপ্রিলের শেষ শনিবার উদযাপিত হয়।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments