Saturday, August 1, 2026
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
HomeCampusবাকৃবিতে সেন্ট্রাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বাকৃবিতে সেন্ট্রাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

Print Friendly, PDF & Email

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নবীনবরণ কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতি এবং ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, প্রভোস্ট পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রুহুল আমিন, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম এবং রেজিস্টার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে ফুলেল শুভেচ্ছায় নবীনদের বরণ করে নেওয়া হয়। এরপর ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬৫ বছরের পথপরিক্রমা’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, আবাসিক হলের প্রভোস্ট, পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নবীনদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও আচরণবিধি সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, শিক্ষাজীবনের প্রতিটি মুহূর্তকে যথাযথভাবে কাজে লাগিয়ে জ্ঞান, দক্ষতা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে। তিনি প্রত্যেক শিক্ষার্থীকে একজন দক্ষ কৃষিবিদ ও নৈতিকতাসম্পন্ন মানবিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা রেখে বাংলাদেশকে আরও সমৃদ্ধ ও এগিয়ে নিতে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করারও আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, তোমরা অত্যন্ত প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এই ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছ। তাই তোমরা মেধাবীদের মধ্যেও মেধাবী। তবে শুধু মেধা নয়, আত্মবিশ্বাস, দায়িত্ববোধ, নৈতিকতা ও মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে নিজেদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দেশের কৃষি, গবেষণা ও উচ্চশিক্ষায় ঐতিহাসিক অবদান রেখে চলেছে। শিক্ষার্থীদের শুধু একাডেমিক শিক্ষায় সীমাবদ্ধ না থেকে গবেষণা, খেলাধুলা, বিতর্ক, নেতৃত্ব বিকাশ এবং সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

শিক্ষকদের উদ্দেশে ইউজিসি চেয়ারম্যান বলেন, প্রতিটি শিক্ষার্থীর সঙ্গে একটি পরিবার ও একটি স্বপ্ন জড়িয়ে থাকে। সেই স্বপ্ন বাস্তবায়নে শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও আন্তরিক সম্পর্ক অপরিহার্য।

উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে স্মার্ট ক্যাম্পাসে রূপান্তরের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। হাই-স্পিড ইন্টারনেট, স্মার্ট ক্লাসরুম, সমন্বিত ডিজিটাল সেবা এবং অনলাইন ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীরা ভর্তি থেকে শুরু করে প্রাক্তন শিক্ষার্থী হিসেবেও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত থাকতে পারবেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে ইন্টার্নশিপ, অ্যাপ্রেন্টিসশিপ ও গবেষণার যে অবকাঠামো গড়ে তুলেছে, তা দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য একটি অনুসরণযোগ্য মডেল। আগামী চার থেকে পাঁচ বছর পর এখানকার শিক্ষার্থীরাই দক্ষ কৃষিবিদ, গবেষক ও বিজ্ঞানী হিসেবে দেশের কৃষি উন্নয়ন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দেবে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments