তালতলী প্রতিনিধি: কৃষির আধুনিকায়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং টেকসই পদ্ধতির প্রসারে বরগুনার তালতলীতে অনুষ্ঠিত হলো দিনব্যাপী পার্টনার ফিল্ড কংগ্রেস।
মঙ্গলবার (১৮ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় কংগ্রেসটি বাস্তবায়িত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. নজরুল ইসলাম শিকদার। সভাপতিত্ব করেন খামারবাড়ি বরগুনার উপপরিচালক জনাব রথীন্দ্র নাথ বিশ্বাস। সঞ্চালনায় ছিলেন কৃষি সম্প্রসারন অফিসার মো: সাইফুল আলম ও মূল বিষয় উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর মো. ইলিয়াস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পার্টনার প্রকল্পের বরিশাল অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মোসা. ফাহিমা হক।
এছাড়াও বক্তব্য রাখেন শারিকখালী ইউপি চেয়ারম্যান মো. ফারুক খান, কৃষি উদ্যোক্তা শাহাদাত মাতুব্বর, হাফিজা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ ব্যবস্থা, কৃষকের জন্য মানসম্মত তথ্যসেবা ও ফার্মার্স সার্ভিস সেন্টারের মাধ্যমে মাঠ পর্যায়ের কৃষকদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানো হচ্ছে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক কৃষক ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
কৃষকরা বলেন, এমন আয়োজন তাদের বাস্তব চাহিদার সঙ্গে মিলে যায় এবং অনেক অজানা দিক সম্পর্কে জ্ঞান লাভ হয়েছে। একজন কৃষক বলেন, এই জ্ঞান কাজে লাগিয়ে আমরা আধুনিক কৃষির পথে এগিয়ে যেতে পারব।
স্থানীয় কৃষকরা আশাবাদী, পার্টনার প্রকল্পটি পুরো অঞ্চলের কৃষি ও আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনবে।দিনব্যাপী আয়োজনে ছিল প্রশিক্ষণমূলক পুস্তিকা বিতরণ, তথ্যচিত্র প্রদর্শন এবং কৃষকদের অভিজ্ঞতা বিনিময়।



