নিজস্ব প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ, গম, ভুট্টা, সূর্যমুখী, চিনাবাদাম, মুগ, মসুর, খেসারি, রাইসফল সহ বিভিন্ন ফসলের প্রণোদনার রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা, এসএমবি বারিক। এসময় আরও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় কৃষক প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে জানানো হয়, কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়িত ২০২৫-২৬ অর্থবছরের এ কর্মসূচির মাধ্যমে উপজেলার ৫৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে মানসম্মত বীজ ও যথাযথ পরিমাণ রাসায়নিক সার প্রদান করা হচ্ছে। এতে কৃষকরা রবি মৌসুমে উন্নত প্রযুক্তি ব্যবহার করে অধিক উৎপাদনের সুযোগ পাবেন।
কৃষি কর্মকর্তা জানান, বর্তমান কৃষিবান্ধব সরকারের ধারাবাহিক সহায়তার অংশ হিসেবে কৃষকদের উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও স্বনির্ভর কৃষি গড়ে তুলতে এসব প্রণোদনা কার্যকর ভূমিকা রাখবে। গুইমারার প্রতিটি কৃষক যেন সময়মতো সেবা ও সহায়তা পান—সে লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।



