পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) “Skills, Risks and Safety for Lab-based Learning and Research” শীর্ষক একদিনব্যাপী হাতে-কলমে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সেমিনার কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (IQAC)-এর আয়োজনে কর্মশালায় অংশ নেন বিভিন্ন অনুষদ ও দপ্তরের ল্যাব টেকনিশিয়ান ও ল্যাব অ্যাটেনডেন্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “আধুনিক শিক্ষাব্যবস্থায় ল্যাবরেটরি হচ্ছে জ্ঞান ও গবেষণার মূল ভরকেন্দ্র। গবেষণা কার্যক্রমের মানোন্নয়ন, নতুন আবিষ্কার এবং প্রযুক্তি উদ্ভাবনে নিরাপদ ল্যাব পরিবেশের বিকল্প নেই। তবে শুধু আধুনিক যন্ত্রপাতি দিয়েই নয়, এগুলো ব্যবহারে সঠিক দক্ষতা ও নিরাপত্তাবোধ গড়ে তোলার মাধ্যমেই টেকসই গবেষণা সংস্কৃতি তৈরি করা সম্ভব। ল্যাব টেকনিশিয়ান ও অ্যাটেনডেন্টরা এই প্রক্রিয়ার অন্যতম প্রধান চালিকাশক্তি। তাদের দক্ষতা ও সচেতনতা যত বাড়বে, বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান তত উন্নত হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল লতিফ বলেন, “ল্যাবভিত্তিক শিক্ষা ও গবেষণা শুধু বিশ্ববিদ্যালয়ের নয়, জাতীয় উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দক্ষ ও নিরাপদ গবেষণা নিশ্চিত হলে দেশীয় বিজ্ঞান-প্রযুক্তির অগ্রগতি ত্বরান্বিত হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “গবেষণায় ঝুঁকি ব্যবস্থাপনা ও নিরাপত্তা সংস্কৃতি গড়ে না তুললে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব নয়। গবেষণাগারকে নিরাপদ না করলে জ্ঞানচর্চা বাধাগ্রস্ত হবে।”
কর্মশালার সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মাহবুব রব্বানী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. শায়লা হক। আলোচক হিসেবে অংশ নেন পবিপ্রবির সেন্ট্রাল ল্যাবরেটরির পরিচালক প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, ফিশারিজ অনুষদের প্রফেসর ড. মোহাম্মদ লোকমান আলী এবং প্ল্যান্ট বায়োটেক ল্যাব অ্যান্ড জার্মপ্লাজম সেন্টারের প্রধান গবেষক প্রফেসর ড. মাহবুব রব্বানী।
বক্তারা বলেন, গবেষণাগারে কাজের সময় দক্ষতা ও নিরাপত্তা দুটিই সমান গুরুত্বপূর্ণ। যথাযথ প্রশিক্ষণ ও আধুনিক নিরাপত্তা ব্যবস্থা ছাড়া গবেষণার মান ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি থেকে যায়। দিনব্যাপী কর্মশালার সারসংক্ষেপ উপস্থাপন করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. আব্দুল মাসুদ এবং প্রফেসর ড. নূর নবি।



