হাবিপ্রবি প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মো. খলিলুর রহমান নামের এক কর্মচারী মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যা ৫:৩০ টায় মৃত্যুবরণ করেছেন।
ক্যাম্পাসে অনুষ্ঠিত জানাজা নামাজে উপস্থিত ছিলেন হাবিপ্রবি উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবির, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, প্রক্টর প্রফেসর ড. মো. নওশের ওয়ান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস এম এমদাদুল হাসান।
এছাড়াও হাবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. মহিদুল হাসান সহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, বেশ কিছুদিন যাবৎ তিনি দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী শাখার পাম্প অপারেটর ছিলেন। চাঁদগঞ্জ কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে। কর্মচারী খলিলুরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্ল্যা। শোকবার্তায় তিনি বলেন, কর্মজীবনে জনাব মো. খলিলুর রহমান একজন দায়িত্ব ও কর্তব্যপরায়ণ কর্মচারী ছিলেন। মহান আল্লাহ্ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।
হাবিপ্রবি প্রক্টর প্রফেসর ড. মো. নওশের ওয়ান শোক জানিয়ে বলেন, মৃত্যু অনিবার্য। যেকোনো মুহুর্তে যে কারো মৃত্যু হতে পারে। কর্মচারী খলিলুর রহমানের মৃত্যুর সংবাদ পেয়েই আমি সেখানে গিয়ে তার পরিবারের সাথে দেখা করে এসেছি। মাননীয় উপাচার্য মহোদয় শোক জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন মরহুম খলিলুরের পরিবারের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করবে।



