ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ ফ্যাশনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বঙ্গ এগ্রিটেক লিমিটেডের উচ্চফলনশীল সবজি জাত বঙ্গ কিং করলা এবং সুপার গ্রীন লাউয়ের সফল মাঠ দিবস।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিনব্যাপী আয়োজিত এই মাঠ দিবসে উপস্থিত ছিলেন বঙ্গ এগ্রিটেক লিমিটেডের এসিস্ট্যান্ট ম্যানেজার কৃষিবিদ সাজিদ জামান, রিজিওনাল সেলস ম্যানেজার রুদ্র দেব চক্রবর্তী, মার্কেটিং অফিসার মো শরিফ এবং স্থানীয় ডিলার ফ্যাশন এগ্রো ও ভাই ভাই বীজ ভাণ্ডার-এর প্রতিনিধিবৃন্দ। এছাড়া এলাকার কৃষকবৃন্দ মাঠ পরিদর্শনে অংশ নেন এবং নতুন জাতের ফসল সরাসরি দেখে মতামত প্রদান করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের কৃষির উন্নয়নে আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের বীজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বঙ্গ এগ্রিটেকের মতো কোম্পানি মাঠ পর্যায়ে কৃষকদের সাথে সরাসরি কাজ করে সেই অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিচ্ছে। করলা ও লাউ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সবজি; প্রায় সারা বছরই এসব ফসলের বাজারে চাহিদা থাকে। তাই অধিক ফলনশীল, রোগসহনশীল ও পরিবহনযোগ্য জাত কৃষকদের আর্থিক অবস্থার উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে।
বঙ্গ কিং করলা জাতটি মাঠে গাঢ় সবুজ, আকর্ষণীয় ফল ও টেকসই গাছের জন্য কৃষকদের নজর কাড়ে। গাছগুলোতে একসঙ্গে প্রচুর ফল ঝুলতে দেখা যায়, যা বাজারে বিক্রিযোগ্য মান বজায় রাখে। কৃষকেরা জানান, এই জাতটি রোগবালাই কম হয় এবং ফল পরিবহনে ক্ষতি হয় না। সময়ের আগেই ফল আসায় কৃষকেরা দ্রুত মুনাফা পেতে পারেন।
অন্যদিকে, সুপার গ্রীন লাউ জাতটি আগাম ফলন, আকর্ষণীয় রঙ ও মোলায়েম স্বাদের জন্য অংশগ্রহণকারী কৃষকদের প্রশংসা কুড়িয়েছে। লাউগুলো আকারে একরূপ, হালকা সবুজ রঙের এবং সহজে রান্না হয়— যা বাজারে ক্রেতাদের কাছে বেশ জনপ্রিয়। এ জাতটি সারা বছর চাষযোগ্য হওয়ায় কৃষকেরা মৌসুমি সীমাবদ্ধতা ছাড়াই উৎপাদন করতে পারেন।
স্থানীয় কৃষক মো. কাশেম বলেন, “আমি আগে অন্য কোম্পানির বীজ ব্যবহার করতাম, কিন্তু বঙ্গ এগ্রিটেকের করলা ও লাউয়ের ফলন দেখে অবাক হয়েছি। গাছগুলো মজবুত, ফল বড়, আর বাজারে দামও ভালো।”
অনুষ্ঠানে উপস্থিত বঙ্গ এগ্রিটেকের কর্মকর্তারা জানান, কোম্পানিটি কৃষকদের হাতে উন্নত ও নির্ভরযোগ্য জাত পৌঁছে দিতে মাঠ পর্যায়ে নিয়মিত কাজ করছে। করলা ও লাউ ছাড়াও প্রতিষ্ঠানটি বিভিন্ন বীজ এবং কীটনাশক উন্নয়ন ও সম্প্রসারণে কাজ করছে, যাতে কৃষকরা কম খরচে বেশি উৎপাদন পেতে পারেন।
অনুষ্ঠান শেষে কৃষকেরা কোম্পানির কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও এমন মাঠ দিবস আয়োজনের আহ্বান জানান।



