নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর “কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা-২০২৫” এর উদ্বোধন ও বিজ্ঞানীদের সাথে মতবিনিময় অনুষ্ঠান ০৫ নভেম্বর, ২০২৫ খ্রি. ইনস্টিটিউটের কাজী বদরুদ্দোজা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

বারি’র মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ও স্বররাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের মাননীয় সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।
গত ২০২৪-২০২৫ সনে যে সকল গবেষণা কর্মসূচি হাতে নেয়া হয়েছিল সেগুলোর মূল্যায়ন এবং এসব অভিজ্ঞতার আলোকে আগামী ২০২৫-২০২৬ সনে গবেষণা কর্মসূচি প্রণয়নের উদ্দেশ্যে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। বারি’র বিজ্ঞানীরা এ পর্যন্ত বিভিন্ন ফসলের ৬৭৭ টি উচ্চ ফলনশীল (হাইব্রিডসহ), রোগ প্রতিরোধক্ষম ও বিভিন্ন প্রতিকূল পরিবেশে চাষোপযোগী জাত এবং ৬৭২ টি অন্যান্য উৎপাদন প্রযুক্তিসহ এযাবৎ মোট ১,৩৪৯ টি প্রযুক্তি উদ্ভাবন করেছে। এ সকল প্রযুক্তি উদ্ভাবনের ফলে দেশে তেলবীজ, ডালশস্য, আলু, সবজি, মসলা এবং ফলের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এসব প্রযুক্তির উপযোগিতা যাচাই বাছাই ও দেশের বর্তমান চাহিদা অনুযায়ী প্রযুক্তি উদ্ভাবনের কর্মসূচি গ্রহণ করাই এ কর্মশালার মূল উদ্দেশ্য।
কর্মশালার কারিগরি অধিবেশনসমূহ আগামী ১১ হতে ১৩ নভেম্বর ২০২৫ খ্রি. পর্যন্ত নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে।



