নিজস্ব প্রতিনিধি: রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় কৃষকদের সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক কৃষি চর্চা সম্প্রসারণের লক্ষ্যে এক ব্যতিক্রমধর্মী ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল ২০২৬) উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপী এই আয়োজন সম্পন্ন হয়।
বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)-এর কারিগরি সহযোগিতায় এবং কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের অধীনে এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়ের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসনাত জাহান খান। উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: জাফর আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: গোলাম আজম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ওমর ফারুক এবং উপজেলা যুবদলের সভাপতি রেজাউল করিম রনি।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও হাসনাত জাহান খান বলেন, প্রথাগত কৃষি পদ্ধতি থেকে বেরিয়ে এসে এখন সময়ের দাবি অনুযায়ী স্মার্ট ও প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থায় অভ্যস্ত হতে হবে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে পুষ্টিকর ও নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যেই সরকার পার্টনার প্রকল্প বাস্তবায়ন করছে বলে তিনি উল্লেখ করেন।
কর্মশালায় জানানো হয়, পার্টনার প্রকল্পের মূল লক্ষ্য হলো কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব কৃষি পদ্ধতির প্রসার ঘটানো এবং গ্রামীণ পর্যায়ে পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন নিশ্চিত করা। বিশেষ করে বিলাইছড়ির মতো পাহাড়ি এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তির বিস্তারে এই ধরনের ফিল্ড স্কুল কংগ্রেস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারী কৃষকরা তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন এবং কৃষি কর্মকর্তাদের কাছ থেকে আধুনিক চাষাবাদ পদ্ধতির বিভিন্ন কারিগরি দিক সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।
এই আয়োজন কৃষকদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং ভবিষ্যতে টেকসই ও লাভজনক কৃষি ব্যবস্থার পথকে আরও সুগম করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।



